বিকেলে বর্ণাঢ্য র্যালির প্রস্তুতি
৭ই নভেম্বর উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা
স্বাধীন কন্ঠ ডেস্ক
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিকেলে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
এদিকে, ঐতিহাসিক দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে হেঁটে অংশ নেবেন এবং নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার রুট সম্পর্কে জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
দীর্ঘদিন পর রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি পথসভায় ও শোভাযাত্রায় অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শোভাযাত্রাটি স্মরণকালের সর্ববৃহৎ জমায়েতে রূপ দিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।




























