যশোরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামের এক হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়ারহাঁটীর হেলারঘাট এলাকার একটি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রঞ্জন মন্ডল মণিরামপুর উপজেলার কালিমচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কিছু লোক ওই এলাকার রমেশের পাটার কাছাকাছি নদীর ধারে মাছ ধরতে যান। এ সময় পানিতে একটি বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের উপস্থিতিতে নদী থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট, হলুদ রঙের শার্ট ও সাদা স্যান্ডু গেঞ্জি। এ ছাড়া তাঁর চোখে পাওয়ারের চশমা, শার্টের পকেটে কলম ও ডায়েরি, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






















