জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে পুলিশের বিশেষ কল্যাণ সভা
নিজস্ব প্রতিবেদক
যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের সার্বিক সুযোগ-সুবিধা এবং দাপ্তরিক ও পেশাগত বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য ও প্রস্তাবনা শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক আবেদনসমূহ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এর পরে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম, বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপারগণ, আরআই (পুলিশ লাইন্স), বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডিবি ও ডিএসবিসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।






















