ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় ১৯২ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাউপকরণ বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ’ এই মানবিক উদ্যোগের আয়োজন করে।
শনিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির কাফালতভুক্ত ১৯২ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষাউপকরণ তুলে দেওয়া হয়।
সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তোলার লক্ষ্যেই মূলত এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আন্তর্জাতিক এই সংস্থার এমন কল্যাণমূলক উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় সচেতন মহল ও সুধীজন সংস্থাটির এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন।
সংশ্লিষ্টদের মতে, সুবিধাবঞ্চিত এতিম শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এতিম শিশুদের শিক্ষা ও কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।






















