যশোরে মহিলা পরিষদের নবগঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার একাদশ জেলা সম্মেলনে গঠিত নতুন কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের আভিযানিক কার্যক্রম গতিশীল করতে ৯টি উপ-পরিষদ গঠন এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার বিকেলে যশোর শহরের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ৩১ সদস্যবিশিষ্ট কমিটির ২৪ জন নেত্রী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক, রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী দেবাহুতি চক্রবর্তীর প্রয়াণে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের কর্মপরিধি সুনির্দিষ্ট ও বেগবান করতে সভায় সর্বসম্মতিক্রমে ৯টি উপ-পরিষদ গঠন করা হয়। এগুলো হলো- সংগঠন, অর্থ, আন্দোলন, লিগ্যাল এইড, প্রশিক্ষণ, পরিবেশ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ, প্রচার-প্রকাশনা ও গণমাধ্যম এবং শিক্ষা ও সংস্কৃতি উপ-পরিষদ।
এসময়, দেশে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দ্রুত সময়ের মধ্যে যশোরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও আইনি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত মজবুত করতে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা কমিটিতে ধারাবাহিক কর্মী সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।






















