যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতকরণে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় ইউনিয়ন, যশোরের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ক্ষুদ্র সঞ্চয় গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সমবায়ের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
এ সময় সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মনির্ভরশীলতার মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পরিশেষে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দেশের আর্থসামাজিক অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।























