কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
নিজস্ব প্রতিবেদক
একসময় যে নদীর বুকে পালতোলা নৌকা চলত, স্বচ্ছ জলে প্রতিফলিত হতো আকাশের ছায়া, সেই ঐতিহ্যবাহী ভৈরব নদ আজ কচুরিপানা ও আবর্জনায় বিপর্যস্ত। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি হারিয়ে যাচ্ছে এর সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য। ভৈরব নদের হারানো রূপ ফিরিয়ে আনতে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা উষা।
প্রথম দুই দিন কোনো সহযোগিতা ছাড়াই এককভাবে নদী থেকে কচুরিপানা অপসারণ করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানালে তাঁর সঙ্গে যুক্ত হন বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এরই ধারাবাহিকতায় সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে যশোর শহরের দড়াটানা ব্রিজ এলাকায় শুরু হয় নদী পরিষ্কারের কার্যক্রম। এতে অংশ নেন উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, বিডি ক্লিন ও সাসসের সদস্যরা। প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলে কচুরিপানা অপসারণের কাজ।
ডা. সাদিয়া মনোয়ারা উষা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। মায়ের সঙ্গে আমাদের যেমন সম্পর্ক, নদীর সঙ্গেও ঠিক তেমনই সম্পর্ক। নদী হাসলে আমরাও হাসি, নদী বাঁচলে আমরাও বাঁচি। যশোরের লাইফলাইন হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী ভৈরব নদের এমন দুরবস্থা মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, একসময় এই নদীপথে রাজা-বাদশাদের চলাচল ছিল। হযরত খানজাহান আলী (রহ.)-এর অন্যতম শিষ্য হযরত গরীব শাহের মাজারও নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। ভৈরব নদের ঐতিহাসিক ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় এটি রক্ষা করা জরুরি।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া সদস্যরা জানান, আগের সরকারের সময়ে ভৈরব নদ খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। নদটি রক্ষায় বর্তমান সরকারেরও আরও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে প্রতিদিন নদী পরিষ্কারের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন ও সহযোগিতার ভিত্তিতে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তাঁদের মতে, শুধু ব্যক্তি কিংবা কোনো সংগঠনের উদ্যোগে ভৈরব নদকে রক্ষা করা সম্ভব নয়। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে বাঁচিয়ে রাখতে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একদিন ভৈরব নদ ফিরে পাবে তার হারানো সৌন্দর্য, স্বাভাবিক প্রবাহ ও প্রাণচাঞ্চল্য।























