বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeবিনোদনহাউজফুল শোতে এগিয়ে আফরান নিশো-পূজা চেরির ‘দম’

হাউজফুল শোতে এগিয়ে আফরান নিশো-পূজা চেরির ‘দম’

বিনোদন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত পাঁচ চলচ্চিত্রের মধ্যে অভিনেতা আফরান নিশো ‘দম’ ঈদের তৃতীয় দিনেও দর্শক চাহিদার শীর্ষে। সোমবার (২৩ মার্চ) রেদওয়ান রনি পরিচালিত ছবিটির ৩২টি শো চালানো হয়েছে স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায়। জানা গেছে, এর সবই হাউজফুল গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯টি শো পেয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়া মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’-এর ১৯টি ও রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ছবির ১৫টি শো চালিয়েছে এই অভিজাত মাল্টিপ্লেক্স। অভিজাত মাল্টিপ্লেক্সটির ওয়েবসাইট ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

‘দম’ দেখে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার পর দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলেছেন– ‘দম’-এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও আসেনি। কারও মন্তব্য, সিনেমাটোগ্রাফিতে নতুন স্ট্যান্ডার্ড দেখালো ‘দম’। কেউবা বলছেন– ‘দম’ একটি আন্তর্জাতিক মানসম্পন্ন সিনেমা। এক দর্শক তো বলেই ফেললেন, “বাংলাদেশে ‘দম’-এর মতো সিনেমা তৈরি হবে কখনও কল্পনাও করিনি!”

ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে ‘দম’-এর সর্বোচ্চ ২৫টি শো চালানো হয়েছে। রবিবার (২২ মার্চ) সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১টি। ঈদের তৃতীয় দিনে ছবিটির আরও ১টি শো বেড়েছে। এছাড়া প্রতিদিনই ব্লকবাস্টার সিনেমাস ৪টি এবং লায়ন সিনেমাসে ছবিটির ৩টি করে শো চালানো হচ্ছে।

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর ‘দম’ নিয়ে তৃতীয়বার পূর্ণাঙ্গভাবে বড় পর্দায় এলেন অভিনেতা আফরান নিশো। ছবিটির মাধ্যমে ১০ বছর পর নির্মাণে ফিরলেন রেদওয়ান রনি। এটি তার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

সত্য ঘটনা অবলম্বনে ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে নির্মিত ‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ২ ঘণ্টা ৮ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দম’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (সব বয়সীদের জন্য প্রযোজ্য) সনদ পেয়েছে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন নিজের কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ দীর্ঘ ৪৪ বছর পর ‘দম’-এর জন্য নতুন আঙ্গিকে আবারও গেয়েছেন। আরাফাত মহসীন নিধির সংগীতায়োজনে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক মোমিন বিশ্বাস। এর কথা লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন প্রয়াত আনোয়ার পারভেজ। ‘দম’ ছবিতে ব্যবহারের জন্য গানটিতে যুক্ত হওয়া নতুন কিছু কথা লিখেছেন তন্ময় পারভেজ।

ছবিটিতে ‘কোথায় পাবো তাহারে’ শিরোনামের একটি গান লিখেছেন ও সুর করেছেন পারশা মাহজাবীন পূর্ণি। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এছাড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানের নতুন সংস্করণ রয়েছে ছবিতে। নাভেদ পারভেজের সংগীতায়োজনে এটি গেয়েছেন দৃপ্ত।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়