পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে রাজনৈতিক ক্যাডারে পরিণত করে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন। তিনি কোথাও পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ দেননি।
শনিবার যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কিছু নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরির সুযোগ দেওয়া হয়নি। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আগামী দিনে একটি জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে জনগণকে সেবা দিতে হবে, যাতে মানুষ প্রকৃত অর্থেই পুলিশকে বন্ধু হিসেবে ভাবতে পারে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
তিনি বলেন, কোতোয়ালি থানা অত্যন্ত ঐতিহ্যবাহী। মহান মুক্তিযুদ্ধে এই থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সারা দেশে মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন থানা লুটপাটের ঘটনা ঘটলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে কোতোয়ালি থানার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত দেড় দশকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি বিএনপির নেতাকর্মীদের অনেক দুঃখ-কষ্ট ও ক্ষোভ ছিল। তারপরও তারা উপলব্ধি করেছিলেন, একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী অবিচ্ছেদ্য অংশ। পুলিশকে বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অসম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশ নিশ্চিত হলে পুলিশ সদস্যরা জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবেন।
কোতোয়ালি মডেল থানার নতুন ভবন নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কোনো ধরনের আপস না করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, যশোরে কোনো সরকারি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে অনিয়ম বা মানের সঙ্গে আপসের কথা শুনতে চান না।
নতুন ভবন নির্মাণের প্রসঙ্গে তিনি বলেন, কোতোয়ালি থানার পুরোনো ভবনে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিবিজড়িত স্থান রয়েছে। নতুন ভবন নির্মাণের পর থানা ক্যাম্পাসে তাঁদের স্মৃতি সংরক্ষণের জন্য আলাদা উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ছয়তলা ভিত্তির ওপর চারতলা পর্যন্ত নতুন ভবন নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের প্রকৌশলী জাহিদুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ অনেকে।






















