যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, যুগোপযোগী ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকারের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটির তাৎপর্য স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
























