ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী
নিজস্ব প্রতিবেদক
যশোরের তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার আহ্বানে সাড়া দিয়ে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার অভিযানে নেমেছেন দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরাসহ নয়টি জেলা থেকে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা এ কর্মসূচিতে অংশ নেন।
যশোর শহরের দড়াটানা ভৈরব সেতু থেকে কাঠেরপুল সেতু পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা নদীতে নেমে কচুরিপানা অপসারণ করছেন। এর মাধ্যমে ভৈরব নদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি নদটির সৌন্দর্য পুনরুদ্ধারের চেষ্টা করছেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন, প্রধান সমন্বয়ক চম্পা আক্তারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোস্তাক হোসেন ও যুব প্রধান হুমায়ুন কবীর। অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যসুরক্ষা ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি মেডিকেল টিমের ১৫ জন সদস্য কাজ করছেন। তাঁরা প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছেন।
উল্লেখ্য, দূষণ ও কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব নদের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার প্রত্যয়ে স্বেচ্ছাশ্রমে নদ পরিষ্কারের উদ্যোগ নেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগে যুক্ত হয়েছে।
বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম নতুন গতি পেয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, ভৈরব নদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নদদূষণের উৎস বন্ধ করা জরুরি।
























