নাশকতার চেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৭ বছরের দুঃশাসন সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। মানুষ এখন গুম-খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক ছাড়াই চলাফেরা করছে। অথচ পলাতক ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তবে তাদের সেই অপচেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ যে দুঃশাসনের শিকার হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন দেশে গণতান্ত্রিক পন্থায় সরকার পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করছে। মানুষের মধ্যে আগের মতো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আতঙ্ক নেই। কিন্তু যারা দীর্ঘদিন দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রেখেছিল, তারা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে, দেশে এখন আর ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুযোগও নেই। আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে। আর আমরা রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য মোকাবিলা করব।’
সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। কখনো ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, কখনো পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। আবার কখনো সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে গণপরিবহনে অগ্নিসংযোগ করা হচ্ছে।
রিজভী বলেন, যারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তারাই এখন দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সেই রক্তচোষা শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ আর তাদের সেই সুযোগ দেবে না।
বিএনপি সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ।
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই নির্বাচন নিয়ে কেউ বলতে পারেননি যে বিএনপি বিনা ভোটে ক্ষমতায় বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে।
জুলাই সনদ নিয়ে সৃষ্ট মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, সনদের বিভিন্ন বিষয়ে যেসব আপত্তি ও জটিলতা ছিল, সেগুলোও সমাধানের পথে রয়েছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করে দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, দেশকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলার মাধ্যমে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগ তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক থাকবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে যশোরে পৌঁছান রুহুল কবির রিজভী। শুক্রবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নিতে তিনি যশোর সফরে এসেছেন।






















