ছাত্রলীগের লকডাউন ঘিরে যশোরে রাজপথে বিএনপি, দিনভর অবস্থান ও মিছিল
নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ভোর থেকেই যশোরের রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।
শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, চৌরাস্তা, মনিহার, নিউমার্কেট ও চাঁচড়াসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থেকে দিনভর তৎপরতা চালান তাঁরা।
সকাল সাড়ে ১১টার দিকে মনিহার এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া ঘোপ এলাকায় একের পর এক ঝটিকা মিছিল বের করেন নেতাকর্মীরা। ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগেও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, যশোরের বড়বাজার ও মণিহার এলাকায় পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে আওয়ামী লীগবিরোধী মিছিল বের করা হয়।
এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগেও মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ শাখার আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি। এ ছাড়া সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মনিহার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান।
এদিকে, জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। তাঁরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসব কর্মসূচিতে অংশ নেন জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিকেল ও সন্ধ্যায় আরও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।






















