যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের বিশেষ তল্লাশি, মোটরসাইকেলে নজরদারি
নিজস্ব প্রতিবেদক
চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যশোর জেলাজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। জেলার আটটি উপজেলার নয়টি থানা এলাকায় একযোগে ৫৪টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে এ বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তৎপরতা এবং যানবাহনে ব্যাপক তল্লাশি চালাতে দেখা যায়।
অভিযানে মাঠপর্যায়ে উপস্থিত থেকে তদারকি করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। রাত সাড়ে ৮টার দিকে শহরের মনিহার চত্বরে চেকপোস্ট কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মিরাজুল ইসলাম বলেন, চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ওপর বাড়তি নজরদারি রাখা হয়েছে।
তিনি আরও বলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলার নয়টি থানা এলাকায় পুলিশের একাধিক দল একযোগে দায়িত্ব পালন করছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।






















