যশোরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস দুটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে। নির্বাচিত সরকারের আমলে এটি প্রথম বিজয় দিবস। তাই দিবসটি ঘিরে সব আয়োজন সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করা হবে। এ উপলক্ষে পৌর এলাকার সড়কগুলোও সাজানো হবে।
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ৮টায় চাঁচড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাদ জোহর বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এ সময় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শহরের প্রধান সড়কগুলো জাতীয় পতাকা ও বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করা হবে।
সকাল ৯টায় শামস-উল-হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন থাকবে।
এ ছাড়া ১৬ থেকে ১৮ ডিসেম্বর তিন দিনব্যাপী বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিজয় দিবসের বিকেল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করা হবে।






















