যশোর রিজিয়নে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৪
নিজস্ব প্রতিবেদক
যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তে গত আড়াই মাসে ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৪ জন আসামিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯ কেজির বেশি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। একই সময়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ছয় কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে।
সোমবার (১৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিজিবি যশোর রিজিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ১৮৯ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৩১১ পিস ইয়াবা, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল এবং ৭ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়। এ ছাড়া ২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৩ লাখ ১৬ হাজার ৬০১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ যশোরের শার্শা ও চৌগাছা উপজেলায় একই সময়ে অভিযান চালিয়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করেছে। এ সময় আটজনকে আটক করা হয়।
৪৯ বিজিবির অভিযানে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল-চাদর ও প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ও ২৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা যায়।
বিজিবি অধিনায়ক সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন। সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিজিবি জানিয়েছে, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় স্বার্থ ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।






















