যশোরে লাইসেন্স না থাকায় ‘অর্পণ ঘোষ ডেয়ারি’কে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে নিউমার্কেট এলাকার ‘অর্পণ ঘোষ ডেয়ারি’ নামের প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন বা বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি মিষ্টি ও দুগ্ধজাত পণ্য তৈরি ও বিক্রি করে আসছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। এ সময় তাঁর সঙ্গে বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






















