ডিসেম্বরে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
দলীয় কর্মসূচিগুলো প্রাণবন্ত করতে সর্বশক্তি নিয়ে আগামী ডিসেম্বরে মাঠে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও প্রতিবারই সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কারচুপি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে ভিসি ও প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে। তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।






















