যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০০ দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি চোখের ছানি অপারেশনের জন্য ৫০ জন রোগীকে বাছাই করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কাইন্ড ভিশন ও পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের যৌথ উদ্যোগে এবং সমাজসেবক আরিফুল ইসলাম বাপ্পীর সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পিকেএস যশোরের মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা।
আয়োজকরা জানান, আরবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ৪০০ দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
এর আগে সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাইন্ড ভিশন যশোরের নির্বাহী পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির এলিভিয়েটেড হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. মিন্টু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল ইসলাম বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএস যশোরের অফিস সেক্রেটারি রিফাত খন্দকার, টেকনিশিয়ান মো. মফিজুর রহমান, কাইন্ড ভিশন যশোরের সাসটেইনেবল ফিউচারের কো-অর্ডিনেটর আসমা পারভীন ও প্রোগ্রাম অফিসার মাছুমা খাতুন।






















