যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক বাবা
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা শেখহাটির কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার এই অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাবা কাজী আলমগীরকে আটক করা হয়েছে। পরে যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাজী তৌহিদুর রহমান জুয়েলের সীমানাপ্রাচীরঘেরা দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাড়ির সঙ্গে সংযুক্ত টিনশেড রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, কাজী তৌহিদুর রহমান জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় তাঁকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
অভিযানে ডিবির এসআই মো. কামাল হোসেন, এসআই রকি মণ্ডল, এসআই বাবলা দাস ও এসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।






















