যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। আরবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের ধর্মতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুজলপুর জামতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার মোক্তার হোসেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও তাদের সহযোগীদের একটি অংশ এখনো এলাকায় অবস্থান করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, যশোরের আদালত এলাকায় সাম্প্রতিক বিস্ফোরণ এবং জুলাই স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সহযোগীরা জড়িত। এসব ঘটনার মাধ্যমে দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন। এ ধরনের কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না। নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম নয়ন, জেলা ছাত্রদলের শরিফুল ইসলাম রিংকু, এমএম কলেজ ছাত্রদলের ইব্রাহিম শুভ, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেন, আশরাফুল, আশিকুর রহমান, আজাদ, তুহিন ও দেলোয়ার হোসেন দেলোসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশের শেষ পর্যায়ে আরবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।






















