ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে জেলা বিএনপির সংহতি
নিজস্ব প্রতিবেদক
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে যশোর শহরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগে সংহতি প্রকাশ করেছে জেলা বিএনপি। রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভৈরব নদের চলমান এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে আমরা ডা. ঊষার এই মহতী উদ্যোগ পরিদর্শনে এসেছি। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এই কাজে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
ভৈরব নদকে ঘিরে প্রতিমন্ত্রীর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ভৈরব নদ নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একটি মাস্টার প্ল্যান রয়েছে। বিশেষ করে নদটিকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এছাড়া শহরের যানজট নিরসনে ভৈরব নদের ওপর গরীব শাহ’র মাজারের পাশ থেকে নতুন সেতু নির্মাণ, কাঠেরপুলের সেতু প্রশস্তকরণ এবং বর্তমান সেতুটি পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে তিনি এসব পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।






















