শেখ হাসিনার ফেরা বা রাজনৈতিক পরিস্থিতি ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ
স্বাধীন কন্ঠ ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ভালো রাখতে সহায়তা করতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে;
প্রথম ধাপ: ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপ: ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে ভোট হবে।
তৃতীয় ধাপ: ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপ: ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে ভোট নেওয়া হবে।
পঞ্চম ধাপ: ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ।
তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। সে হিসেবে ভোটের নির্ধারিত তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হতে পারে।




























