আলোচনায় প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যু
এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
স্বাধীন কন্ঠ ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনের আগের দিন এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত আগের বৈঠকের কথা স্মরণ করেন। একই সঙ্গে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও বহুমুখী করার পাশাপাশি এ খাতে যৌথ বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আরও ঘনিষ্ঠ আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বৈশ্বিক অংশীদারত্ব ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পায়। এ সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন তারেক রহমান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা সংকটসংক্রান্ত বিষয়ে তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মাঠপর্যায়ে দেশটির মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পর্যায়ে তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।



























