যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র্যালি ও সভা
নিজস্ব প্রতিবেদক
তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) উদ্যোগে সাইকেল র্যালি ও কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটির অধীনে চার ও ছয় মাস মেয়াদি শিক্ষানবিস প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বর থেকে সাইকেল র্যালির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেরিনা আক্তার। পরে অনুষ্ঠিত কমিউনিটি আউটরিচ সভায় সভাপতিত্ব করেন রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আলমগীর। সভায় স্বাগত বক্তব্য দেন স্মার্ট-পিসিকালচার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সুলতান মাহমুদ এবং স্মার্ট-এইচভিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জাকির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেইজ প্রকল্পের ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার আবদুল্লাহ-আল-মামুন। সভায় বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধিতে শিক্ষানবিস প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের পথ সুগম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।























