অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে তাঁকে আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। প্রথম ক্লাস শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সে বিদ্যালয়ের বাথরুমে যায়। সেখান থেকে বের হওয়ার সময় শিক্ষক ইমরান হোসেন তার হাত ধরে শিক্ষকদের ব্যবহৃত বাথরুমে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক তাকে ছুটি দিয়ে দেন। বাড়িতে ফিরে শিশুটি প্রথমে তার মাকে মারধরের কথা জানায়। পরদিন ২৭ অক্টোবর বিদ্যালয়ে না গিয়ে মনমরা অবস্থায় বিছানায় শুয়ে থাকলে মা তাকে স্কুলে যাওয়ার কথা বলেন। এ সময় কান্নাকাটি করে মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায় শিশুটি।
পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৭ অক্টোবর শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ইমরান হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভয়নগর থানা পুলিশের একটি দল রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে তাঁকে আটক করে। মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।























