শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
স্বাধীন কন্ঠ ডেস্ক
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটেছে হাজারও ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে। শহীদ নূর হোসেন ছিলেন আমাদের প্রেরণার অন্যতম উৎস। আওয়ামী লীগের ফেলে যাওয়া সব ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার কালে আছি আমরা। শহীদ নূর হোসেনকে ধারণ করে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অবিচল থাকব।’




























