মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ইশরাক হোসেনের
স্বাধীন কন্ঠ ডেস্ক
মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সামাজিক-ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শুক্রবার (৬ নভেম্বর ) রাজধানীতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম নয়, বরং কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।
মাদকবিরোধী পদক্ষেপে প্রযুক্তিগত সক্ষমতা ও পুনর্বাসনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত সরকারি সংস্থাগুলোর প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি। দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে হলে তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি, শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়; ছিন্নমূল ও অসহায় মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
পারিবারিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। পরিবার থেকেই মূলত মাদকের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ও পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ড. এম এ মোহিত কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান ফারুক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সেমিনারে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



























