আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করলে বিরোধী দল আপাতত আর কোনো আন্দোলনে যাবে না। তবে দলটি যদি জাতির সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করতে থাকে, তবে তা প্রতিহত করতে দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সাত দফা দাবিতে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে চরম প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। বিএনপি অতীত থেকে শিক্ষা না নিয়ে নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে।
লংমার্চ-পূর্ব এই প্রতিবাদ সমাবেশে ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি অভিযোগ করেন, দেশের সরকারি অফিসগুলো এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এবং সেখানে দুর্নীতি ও লুটপাট প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো সংকটগুলো সংবিধান সংস্কার না করারই ফল। জনগণ তাদের রায় বাস্তবায়ন করেই বিপ্লবের ফসল ঘরে তুলবে।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ১১ দলীয় ঐক্যের ব্যানারে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশ্যে নির্ধারিত লংমার্চের গাড়িবহর রওনা হয়।

















