ডিসেম্বরে মাঠে নামার নির্দেশ তারেক রহমানের
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এ লক্ষ্যে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে নামার নির্দেশ দিয়েছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে নিজ দফতরে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিবদের মধ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি নিয়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার কথা বলা হলেও মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ও কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
তবে তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপি কোনো দল বা পক্ষের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি কিংবা অতীতের মতো পাড়া-মহল্লায় ‘সতর্ক পাহারা’ বসানোর পথে হাঁটবে না। এর পরিবর্তে নিজস্ব উদ্যোগে শান্তিপূর্ণ সভা-সমাবেশ, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে চাঙা ও উজ্জীবিত রাখাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচিই থাকবে।




























