যশোরে পুলিশ সদস্যদের কল্যাণে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রেঞ্জ ডিআইজি
নিজস্ব প্রতিবেদক
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের যশোর জেলা সফর উপলক্ষে বিশেষ কল্যাণ সভা, বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন ডিআইজি। এ সময় কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে তাঁর সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জেলা পুলিশ জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষা এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। রেঞ্জ ডিআইজির নেতৃত্ব ও দিকনির্দেশনায় ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও কল্যাণে জেলা পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।
বেলা ৩টায় ডিআইজি যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ ছাড়া যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন তিনি।






















