নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত
স্বাধীন কন্ঠ ডেস্ক
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
রাত ১০টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।



























