যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর নুরিতলা এলাকায় চলন্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের বিশেষজ্ঞ দল। এ ঘটনায় চালক রাজিব (৪৫) দগ্ধ এবং তাঁর সহকারী হৃদয় (৪০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনই বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরের উদ্দেশে আসছিল ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭ নম্বরের ‘মায়ের দোয়া’ নামের একটি কাভার্ড ভ্যান। ভোরে হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি কলাবাগান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, নিক্ষিপ্ত বস্তু দুটির একটি কাভার্ড ভ্যানের বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে চালকের কেবিনে প্রবেশ করে বিস্ফোরিত হয়। এতে কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাগানে ঢুকে যায়। আগুনে চালক রাজিব দগ্ধ হন। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে আহত হন তাঁর সহকারী হৃদয়।
আহত রাজিব ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তাঁর সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে। খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মাশহারুল হক ইমন জানান, আগুনে রাজিবের মুখমণ্ডল, পিঠ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে হৃদয়ের মুখ ও হাতে ক্ষত হয়েছে। দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে ঘটনাটি পেট্রোলবোমা হামলা কি না, তা নিয়ে পুলিশের প্রাথমিক তদন্তে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার আশঙ্কা করা হয়েছিল। এ কারণে পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কাভার্ড ভ্যানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চলন্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে, ঘটনার পর কিছু সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






















