সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান
নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী মধুমেলা আয়োজন করা হবে কি না, সে বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মেলা না হলেও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে গত বছরের মতো সীমিত পরিসরে আয়োজন থাকবে। এবার বর্তমান সরকারের প্রথম মধুমেলা হওয়ায় গতবারের তুলনায় আরও বড় ও ব্যতিক্রমী আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা আয়োজনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ২৫ জানুয়ারি এক দিনব্যাপী বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে মেলা হলে কত দিনব্যাপী হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মেলায় কোনো ধরনের অশ্লীলতা, মাদক বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ থাকবে না। এবারের আয়োজনকে মানসম্মত ও ব্যতিক্রমী করতে চায় প্রশাসন।
সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, এ বছর মেলা বা এ ধরনের আয়োজন না করে ২৫ জানুয়ারি সারাদিন সাগরদাঁড়িতে আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে মেলা হলে অগ্নিসন্ত্রাসের আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি মেলার পক্ষে নন বলে মত দেন। তবে মানসম্মত স্মরণানুষ্ঠানের ওপর গুরুত্ব দেন।
কেশবপুরের এনসিপি নেতা সম্রাট হোসেন বলেন, সাগরদাঁড়ির মেলা সারা দেশে বিখ্যাত। কিন্তু দিন দিন এর পরিসর সংকুচিত হচ্ছে। ২০২৪ সালেও মেলা হয়েছে। তাই সবাই মিলে মেলা আয়োজনের বিষয়টি বিবেচনা করা উচিত।
কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্দুস সামাদ বলেন, কেশবপুরে বহু বছর ধরে মধুমেলা পালিত হয়ে আসছে। এক দিনের আয়োজনের পরিবর্তে মেলাটি আয়োজন করা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।
কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, মধুমেলাকে ব্যবসা হিসেবে দেখা উচিত নয়। মেলায় বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে ব্যবসা পরিচালিত হয়, অথচ এর দায়ভার শেষ পর্যন্ত আয়োজক ও প্রশাসনের ওপর পড়ে।
মধুসূদন একাডেমির প্রতিনিধি তাহেরুজ্জামান তাছু বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা পেলে মেলায় সেটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট এহসাক বলেন, এক দিনব্যাপী আয়োজন হলে সমস্যা নেই। তবে পতিত সরকারের কর্মীরা মেলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কেশবপুর উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। তাঁর জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হলে নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে জানতে পারবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, মধুমেলা হলে অনেক সময় সিনিয়র নেতারা ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজেদুল ইসলাম সাগর বলেন, মধুমেলার আলোচনা অনুষ্ঠানে কবি আবদুল হাই শিকদারকে আমন্ত্রণ জানানো যেতে পারে। মেলায় কোনো গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। মেলা আয়োজন করলে গুটিকয়েক মানুষের লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলাই ভালো। তিনি মহাকবির বাড়িতে একটি সাংস্কৃতিক পল্লি গড়ে তোলার প্রস্তাব দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, কোনো অপশক্তি যশোরকে অশান্ত করতে পারবে না। প্রশাসন এ বিষয়ে সচেতন রয়েছে এবং এ সতর্কতা অব্যাহত থাকবে। মেলা আয়োজন সম্ভব হলে এবার বড় পরিসরে ব্যতিক্রমী আয়োজন করা হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
























