স্বাধীন কন্ঠ ডেস্ক
‘সুস্থ দেহ, সুস্থ মন ক্রীড়ায় গড়ি আগামীর জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। এ সময় বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোসা. শিরিনা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডা. হারুন অর রশিদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম ও সেক্রেটারি আনিসুর রহমানসহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কলেজের ১৯টি বিভাগ ও উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করে শিক্ষক ও অতিথিদের অভিবাদন জানান। এরপর বিগত বছরের চ্যাম্পিয়ন অ্যাথলেটরা মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করলে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়।
প্রথম দিনে বালক ও বালিকাদের জন্য বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। মোট ১৩টি ইভেন্টের আয়োজন রয়েছে। মঙ্গলবার দৌড় প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এবং ছাত্রদের ফ্রি-স্টাইল সাঁতারের চূড়ান্ত পর্ব সম্পন্ন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিন বুধবার তালবাড়িয়া ডিগ্রি কলেজ থেকে এমএম কলেজের দক্ষিণ গেট পর্যন্ত মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষক, তাদের সহধর্মিণী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের জন্যও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন পুরো ক্যাম্পাসজুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
