নোয়াখালী জেলা প্রতিনিধি// নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।শনিবার রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাগ্নে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর অনুসারীদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আবদুল কাদের মির্জার ৬ অনুসারী গুলিবিদ্ধ হয়েছে।তাদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শামছুল হকের ছেলে সবুজ (৪০), নূর আহম্মদের ছেলে জিসান (২৩), মোঃ সানি (২৭), চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে দেলোয়ার হোসেন সুমন (২৭), চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার মোশারফ হোসেনের ছেলে দিদার (৩৫)।গুলিবিদ্ধদের মধ্যে দুই জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ও বসুরহাট বাজারে আবদুল কাদের মির্জার অনুসারীরা মিছিল করে। রাত ৮টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কাদের মির্জা অনুসারী ৬ অনুসারী গুলিবিদ্ধ হয়।কোম্পানীগঞ্জ ওসি মীর জাহেদুল হক রনি জানান, গুলিবিদ্ধদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।







