ইট চুরির কথিত অভিযোগে এক গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতনপূর্বক চুল কেটে দেওয়ার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দেবাশীষ সাতক্ষীরা জেলা প্রতিনিধি// সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির কথিত অভিযোগে এক গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতনপূর্বক চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (৯ আগস্ট) সকালের দিকে মর্মান্তিক এই নির্যাতনের ঘটনা ঘটে। হতদরিদ্র গৃহবধু রাশিদা বেগম (৪৫) দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী।প্রাপ্ত তথ্যে জানা গেছে, রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। পরদিন সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী, পত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারপিট শেষে চুল কেটে ছেড়ে দেয়।খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাশিদা বেগমের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নেদু ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে রাশিদা বেগম ইট চুরি করেছে। এরপর রাশিদাকে ধরে নিয়ে বাড়ির মহিলারা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেটে দিয়েছে। চরম অন্যায় করেছে তারা। আমার কাছে আসলে আমি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম।কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর ৬ জনকে আসামি করে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের রেকর্ডকৃত মামলাটি নথিভুক্তির পর ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বুধবার আমি নিজেই অভিযান করেছি।তিনি আরো বলেন, এমন একটি মর্মান্তিক নির্যাতনের ঘটনা আমি শুনে হতবাক হয়েছি। ফলে আমি নিজেই দুপুরে ঘটনাস্থল পাকুড়িয়ায় যাই এবং বিকালে ফিরে আসি। যদিও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এঘটনার সাথে জড়িতরা কেউ রক্ষা পাবেনা। সেখানে ভুক্তভোগীদের বলা মতে আসামিদের বাড়ির মধ্য থেকে নির্যাতিত মহিলার কাটা চুল উদ্ধার করেছি। যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।