আন্তর্জাতিক ডেস্ক// আফগানিস্তানের নঙ্গরহার প্রদেশের রাজধানী জালালাবাদও অবশেষে দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। এর ফলে এখন একমাত্র রাজধানী কাবুলই আফগান সরকারের নিয়ন্ত্রণে রইল।
রোববার (১৫ আগস্ট) সকালে তালেবান জালালাবাদ দখল করে নেয়। দেশটির সবকয়টি প্রধান শহর তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় রাজধানী কাবুল এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। দখলের পর গভর্নরের দপ্তরের ভেতর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তালেবান সদস্যরা। জালালাবাদের কয়েকজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গভর্নর তালেবানের কাছে আত্মসমর্পণ করায় কোন সংঘাত ছাড়াই শহরটি দখলে নিয়ে নেয় তালেবান বাহিনী।
গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা অভিমত দিয়েছিলেন, আগামী তিন মাসের মধ্যে কাবুল দখল করবে তালেবান গোষ্ঠী। তবে, তা যে এত দ্রুত সংঘটিত হবে তা কেউই আঁচ করতে পারেননি। জালালাবাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায় পাকিস্তানের সাথে আফগানিস্তানের যোগাযোগ ব্যবস্থাও তালেবানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এদিকে, শনিবার (১৪ আগস্ট) আফগানিস্তানের সশস্ত্র বাহিনী পুনর্গঠনের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে নীতি নির্ধারকদের সঙ্গে পরামর্শ শুরু করার কথা জানালেও, বর্তমান পরিস্থিতির দায় নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার কোন ইঙ্গিত তিনি দেননি।অন্যদিকে, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে সেনা প্রত্যাহারের মাঝপথেই আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।







