নিখোঁজের ৫ দিন পর ইউপি সদস্যের লাশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বগুড়া জেলা প্রতিনিধি// বগুড়ার ধুনট উপজেলায় রেশমা খাতুন(৩৮) নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ৫ দিন যাবত তিনি নিখোঁজ ছিলেন। নিহত রেশমা উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম বলেন, বুধবার বিকেলের দিকে কুড়িগাঁতী এলাকার স্থানীয় লোকজন জমিতে ঘাষ কাটতে যান। এসময় তারা ধানক্ষেতের ভেতর নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় অবহিত করা হলে ধানক্ষেত থেকে রেশমার লাশ উদ্ধার করে পুলিশ।নিহতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা খাতুন গত শনিবার বিকেলের দিকে চিকিৎসার জন্য শেরপুর যাওযার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।

আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তবে, তার স্ত্রী নিখোঁজের ৫ দিন হলে হলেও এ ঘটনায় থানায় কোন সাধারণ ডায়েরিও করেননি তিনি।ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, স্থানীয় লোকজন ও নিহতের স্বামী লাশ সনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হবে।