হঠাৎ দুই ভাগ হয়ে গেল চলন্ত ‘জয়ন্তিকা এক্সপ্রেস’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আরিফ আহমেদ// চলন্ত অবস্থায় আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির জয়েন্ট খুলে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ট্রেনটি।

এতে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনটির বিচ্ছিন্ন বগি যুক্ত করা সম্ভব হয়নি।সোমবার (৬ ডিসেম্বর) সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ১৫টি বগি নিয়ে। হবিগঞ্জের মনতলা স্টেশনে দুপুর সাড়ে তিনটার দিকে যাত্রাবিরতি শেষ করে কিছুদুর এগোতেই ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়।

এতে ট্রেনটি পেছনে ৫টি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ জানান, স্টেশনে যাত্রাবিরতি শেষে চলতে শুরুর একটু পরই ১১ নম্বর বগির জয়েন্ট খুলে ভাগ হয়ে যায় ট্রেনটি। আশপাশের লোকজন চিৎকারে চালক ট্রেনটির সামনের অংশ থামান।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা পৌঁছলেই এই সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন তিনি। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শহীদুল ইসলাম বলেন, আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি।

চালুর কিছুক্ষণ পরই দেখি ট্রেন আবার থামছে। আশপাশের লোকজন চিৎকার করছেন। পরে জানালা দিয়ে দেখি আমাদের রেখেই কিছু বগি নিয়ে ট্রেন যাত্রা শুরু করেছে।

স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে নইলে বড় সমস্যায় পড়তাম বলে জানান মইনুল নামের আরেক যাত্রী। উল্লেখ্য, জয়ন্তিকার এই সমস্যার কারণে ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচলে কোনো সমস্যাহচ্ছেনা। স্টেশনের কাছে হওয়ায় বিকল্প প্ল্যাটফর্মে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।