মানিক মিয়া স্টাফ রিপোর্টার:-নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন যথাযথ ও পরিপূর্ণ নয়, এটি কেবল সার্চ কমিটি করার খসড়া। এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।
শনিবার সকালে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি।এসময় শামসুল হুদা বলেন, স্বাধীনতার ৫০ বছর হলেও একটি ভালো নিরপেক্ষ নির্বাচন কমিশন কেউ করেনি। কোন সরকারই চায় না ভালো নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করি। তারা ক্ষমতাসীন কাউকে হটানোর চিন্তা করে। কোন সরকারি কর্মকর্তা দূর্নীতি করলে তার কোন বিচার হতে দেখা যায় না।
রাজনৈতিক দলগুলো না চাইলে স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে না। তাদের স্বদিচ্ছার অভাব রয়েছে।তিনি আরও বলেন, যারা কমিশনার হবেন তাদের যোগ্যতা ও অযোগ্যতা কি তা নিয়ে কোন মাথাব্যথা নেই। যার বিরুদ্ধে আগে কোন অভিযোগ ছিল তারা কিভাবে এখানে আসে। নির্বাচন কমিশনাররা যদি পরিচ্ছন্ন থাকতে চান তাদের কেউ ক্ষতি করতে পারবে না। প্রতিবেশী দেশ ভারতে কোন সার্চ কমিটি লাগে না। তাহলে নির্বাচন কমিশন গঠনে এখানে এতো সার্চ কমিটি গঠনের জন্য উঠেপড়ে লাগার দরকার কি?
কোন দলকে বাদ দিয়ে কমিশন গঠন কিভাবে হয় সে প্রশ্ন রেখে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন গঠন জাতীয় পর্যায়ের বিষয়।
তাড়াতাড়ি করে কমিশন গঠনের কোন মানে হয় না। কমিশন গঠনে সব দলকেই নিয়ে আসতে হবে। ইসি গঠনে আইন নিয়ে সবার মতামত নেয়া দরকার। বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম সন্তোষজনক নয় বলেও মনে করেন তিনি।







