রবিউল ইসলাম জেলা প্রতিনিধি ময়মনসিংহ// ইউপি নির্বাচনে পরাজিত হওয়ায় রাস্তার ইট তুলে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন।
এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামে।বৃহস্পতিবার (৭ই এপ্রিল) গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের আফতার উদ্দিন মেম্বারের বাড়ির সামনের সড়কের ইট তুলে নেওয়া হয়।জানা যায়, ২নং গৌরীপুর ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দলের বিদ্রোহী প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে পরাজিত হন। বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলী। রাস্তাটি প্রায় ৮ মাস আগে আনোয়ার হোসেন চেয়ারম্যান থাকাকালীন নির্মাণ করেছিলেন।রাস্তার ইট খুলে নেওয়ার নির্দেশ প্রদানের বিষয়টি স্বীকার করে সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি চেয়ারম্যান থাকাকালীন এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এ কাজ করতে চেয়েছিলাম। তফসিল দেওয়ায় সেই প্রকল্পের কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি।
এরপর নির্বাচনে পরাজিত হয়েছি। এ রাস্তার অনুমোদন করাতে পারিনি। ১৭ হাজার ইট প্রতিবেশী আব্দুস সালামের কাছ থেকে এনেছিলাম। তাকে বলেছি, খুলে নিয়ে যেতে।’ইট বিক্রেতা আব্দুল সালাম বলেন, ‘চেয়ারম্যানকে ইট দিয়েছিলাম তিনি এখন টাকা দিতে পারছে না। তাই চেয়ারম্যান ইট খুলে নিতে বলেছেন।
শালীহর গ্রামের স্বপন মিয়া বলেন, ‘ইট খুলে নেয়ায় পর সড়কের যে অবস্থা হয়েছে, তাতে এখনতো হাঁটাই যাবে না। এর চেয়ে আমাদের কাঁচা রাস্তাই ভালো ছিল।গৌরীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হযরত আলী জানান, ইট খুলে নেয়ার ঘটনাটি আমি শুনেছি।
এলাকাবাসী বারণ সত্বেও তিনি রাস্তা থেকে ইট খুলে নিচ্ছেন। তিনিও একজন জনপ্রতিনিধি ছিলেন, সে এমনটা করবে তা দুঃখজনক।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, রাস্তা থেকে ইট খুলে নেয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
রাস্তাটি সংরক্ষণের জন্য বর্তমান চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রয়োজনে যারা ইট খুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







