রুটি-পরোটাসহ সব বেকারি পণ্যের মূল্যবৃদ্ধি, বিপাকে মানুষ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজেস্ব প্রতিনিধি:- একটি বেসরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবেশক হিসেবে কাজ করেন কবির হোসেন। প্রতিদিন সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে সেই প্রতিষ্ঠানের গুদাম থেকে পণ্য নিয়ে বাজারে বাজারে ডেলিভারি দেন। কাজ শেষে বাসায় ফিরতে ফিরতে কোনোদিন রাত ৮টা, আবার কোনোদিন ১০টাও বাজে। বেশির ভাগ সময় তিনি সকালের নাস্তা ও দুপুরের খাবার বাইরেই কোনো হোটেলে খেয়ে নেন। কিন্তু হঠাৎ করেই তিনি বেশ অস্বস্তিতে পড়েছেন। কারণ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায়, বিশেষ করে তেল, আটা, ময়দার দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় বাইরে তার দুই বেলা খাবারের জন্য যে বরাদ্দ তাতে তিনি পেরে উঠছেন না। শুধু কবির হোসেন নন, তার মতো অনেকেই যাদের কাজের জন্য বাইরে খেতে হয়, তারা বেশ বিপাকে পড়েছেন। আটা, ময়দার দাম বাড়ার প্রভাবে রুটি, পরোটা থেকে শুরু করে কেক, পাউরুটি, বিস্কুট, চানাচুর, নুডলস, ফাস্ট ফুডসহ বেকারি পণ্যের সব খাবারের দাম বেড়েছে। ফলে বাজেট ঠিক রাখতে হোটেলে খেতে বসে হিসেব করতে হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বে গম রপ্তানির প্রধান তিনটি দেশ রাশিয়া, ইউক্রেন ও ভারত গম রপ্তানি বন্ধ করায় এর প্রভাব পড়েছে দেশের আটা-ময়দার বাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির দাম। গতকাল শুক্রবারও আরেক দফা বেড়েছে আটা, ময়দার দাম। এ নিয়ে গত এক মাসের ব্যবধানে দাম বাড়ল তিন বার।গতকাল রাজধানীর খুচরাবাজারে প্রতি কেজি খোলা সাদা আটা ৪৬ থেকে ৫০ টাকা, প্যাকেট আটা ৪৮ থেকে ৫০ টাকা, খোলা ময়দা ৫৮ থেকে ৬০ টাকা ও প্যাকেট ময়দা ৬৫ থেকে ৬৮ টাকায় বিক্রি হয়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গতকাল তাদের বাজারদরের প্রতিবেদনে জানিয়েছে, এক মাসের ব্যবধানে প্রতি কেজি খোলা আটার দাম ৩১ দশমিক ৫১ শতাংশ, প্যাকেট আটার দাম ১২ দশমিক ৬৪ শতাংশ, খোলা ময়দার দাম ৭ দশমিক ৪৮ শতাংশ ও প্যাকেট ময়দার দাম ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। সরকারের এ সংস্থাটি জানিয়েছে, এক বছর আগে দেশের বাজারে প্রতি কেজি খোলা আটা ৩০ থেকে ৩২ টাকা, প্যাকেট আটা ৩২ থেকে ৩৫ টাকা, খোলা ময়দা ৩৫ থেকে ৩৬ টাকা ও প্যাকেট ময়দা ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রতি কেজি আটা, ময়দায় ১৬ থেকে ২৮ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও খুচরা বাজারে দাম বেড়েছে আরো বেশি। আর এর প্রভাবে হোটেল-রেস্তোরাঁয় সব বেকারি পণ্যের দামও বেড়েছে।গতকাল রাজধানীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় খোঁজ নিয়ে দেখা গেছে, আটা, ময়দার তৈরি প্রায় সব পণ্যের দামই বেড়েছে। অনেক হোটেল তাদের খাবারের তালিকাতে পণ্যের আগের দাম কেটে নতুন দাম লিখে দিয়েছে। আগে যে পরোটা বিক্রি হতো ৫ টাকায়, তা এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। আবার আগে ১০ টাকায় পাতলা নান রুটি পাওয়া গেলেও এখন তা ২০ টাকায় আর স্পেশাল নান রুটি ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। শুধু রুটি, পরোটাই নয়, অন্যান্য বেকারি পণ্যের দামও বেড়েছে। বিস্কুট, চানাচুর, কেক, বার্গার, পিত্জা, ভেজিটেবল রোল, চিকেন রোল, সিঙ্গারা সব কিছুর দামই বেড়েছে।