মাগুরায় পাভেল হত্যা মামলায় একজনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাগুরা জেলা প্রতিনিধি// মাগুরায় শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলায় প্রধান আসামি সেলিম আজাদকে ফাঁসিসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক ফারজানা ইয়াসমীন।যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন মোহাম্মদ খালিদ।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কার জানান, ২০১২ সালে প্রধান আসামি সেলিম আজাদের নেতৃত্বে অন্য আসামিরা পরিকল্পিতভাবে মেহেদী হাসান পাভেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন।

পরে পাভেলের লাশ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩টার দিকে স্বজনদের খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পান।

এ ঘটনায় নিহত পাভেলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু মহম্মদপুর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

নিহত পাভেলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান জানান, দীর্ঘ দিন পরে হলেও এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান এ রায়ে অসন্তোষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।