সমুদ্রে মাছ ধরছে জেলেরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে প্রশাসনের পক্ষ থেকে মানুষদেরকে নিরাপদে থাকার জন্য বলা হচ্ছে। গভীর সমুদ্রের মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে। কিন্তু উপকূলের খুঁটা জালের জেলেরা এখনও মাছধরা অব্যাহত রেখেছে। মাছ ধরা বন্ধ রাখার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে দাবি তাদের।

রবিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, খুঁটা জালের জেলেরা নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরছে। এখনও তাদের জাল সমুদ্রে আছে। কূলের ক্ষুদ্র জেলেরা বেড়াজাল ও কারেন্টজাল টেনে মাছ শিকার করছে। গঙ্গামতি পয়েন্টের সমুদ্রে একাধিক মাছ ধরার নৌকা দেখা গেছে।

জেলে রোহান বলেন, বর্তমানে সমুদ্রের যে অবস্থা তা আমাদের কাছে বৈরী মনে হচ্ছে না। পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের সময় সমুদ্রে এরচেয়ে বেশি উত্তাল থাকে। তখনও আমরা মাছ ধরি।

অন্য জেলে জহিরুল ইসলাম বলেন, আবহাওয়া খারাপের কথা শুনি, কিন্তু বাস্তবে কিছু দেখছি না। মাছ ধরা বন্ধ রাখার মত পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া খারাপ হলে মাছ শিকার বন্ধ করব।

মৎস্য ব্যবসায়ী আনোয়ার ফকির বলেন, পরিস্থিতি খারাপ হলে ছেলেরা মাছ ধরা বন্ধ রাখবে। সাগর উত্তাল হলে ছোট ট্রলারগুলো এমনিতেই সাগরে যেতে পারবে না। এখন মাছ ধরলে কারও ক্ষতি হবার আশঙ্কা নেই।এদিকে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব কুয়াকাটায় না পড়লেও শনিবার গভীর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।