রাজশাহীতে মদের দাম চাওয়ায় ভাঙচুর, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ‘অবরুদ্ধ’ ছাত্রলীগ নেতা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজশাহী জেলা প্রতিনিধি:- মদ পান করে চলে যাওয়ার সময় দাম চাওয়ায় রাজশাহীর পর্যটন মোটেলের বারে হামলা ও ভাঙচুরে অভিযোগ উঠেছে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ হৃদয় ও তার সহযোগীরা।

গতকাল শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এ ঘটনার পর হৃদয় ও তার সহযোগীদের বারে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশের উপস্থিতিতে ক্ষতিপূরণ ও মুচলেকা দিলে অবরুদ্ধ নেতা-কর্মীদের ছেড়ে দেয়া হয়।

রাজশাহী পর্যটন বারের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যায় একদল যুবক বারে মদ পান করেন। তাদের বিল হয় ৭ হাজার ২০০ টাকা। মদ পান শেষে চলে যাবার সময় তাদের থেকে মদের দাম চাওয়া হলে ইশতিয়াক আহমেদ হৃদয় ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বারের কর্মচারীদের মারধর করেন এবং গ্লাস, প্লেট ও বাটিসহ কর্মচারীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ভেঙে ফেলে। পরিস্থিতি সামাল দিতে বারের প্রধান ফটকে তালা দিয়ে ওই যুবকদের অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে ও রাজশাহী মহানগর ছাত্রলীগের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ হৃদয়সহ অভিযুক্তদের কাছ থেকে মদের দামসহ ক্ষতিপূরণ ও মুচলেকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তারা ক্ষমাও চেয়েছেন।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।এ প্রসঙ্গে নগরীর রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা মইনুল হোসেন জানান, ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে বার কর্তৃপক্ষের মীমাংসা হয়েছে। কোনোপক্ষই আর কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।