অনলাইন ডেস্ক:-মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য এখন থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। একই সঙ্গে, এক ব্যক্তির জন্য বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শনের অনুমতি থাকবে না।
শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
সৌদি সরকারের পোস্টে বলা হয়েছে, অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। ভিড় কমানো এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য বছরে একবার পরিদর্শনের সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এক কোটির বেশি মুসল্লি রওজা শরিফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। ভিড় ও অনিয়ম নিয়ন্ত্রণে এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।







