মবিনুর রিমন ঢাকা:- প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে সরকার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পর সরকার এই সিদ্ধান্ত নেয়।
বুধবার (১২ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন।এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে।পত্রিকার ‘ডিক্লেয়ারেশন’ হলো, সংবাদপত্র প্রকাশের জন্য সরকারের কাছ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা বা অনুমতিপত্র। এই ডিক্লেয়ারেশন বা ঘোষণা, সংবাদপত্র প্রকাশের জন্য প্রয়োজনীয় একটি আইনি প্রক্রিয়া এবং ১৯৭৩ সালের ‘প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লেয়ারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আইন অনুযায়ী, কোনো পত্রিকা যদি অনিয়মিতভাবে প্রকাশিত হয় বা নির্দিষ্ট শর্ত ভঙ্গ করে, তাহলে পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা যেতে পারে।







