স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সংশোধন প্রস্তাব তৈরি করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে বিতর্ক এড়াতে অনেক কিছুই বাদ দিয়ে সতর্কতার সঙ্গে কমিশন কাজ করছে বলেও তিনি জানান।
সোমবার (৭ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশম দিনের উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, “কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, বরং দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে সুপারিশ করা হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, “জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে বিভিন্ন দলের ভিন্ন অবস্থান থাকায় একাধিক প্রস্তাব রাখা হয়েছে, যাতে সর্বোত্তম সমাধান খুঁজে পাওয়া যায়।”
অধ্যাপক রীয়াজ জানান, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে। তিনি বলেন, “ভুল বোঝাবুঝি এড়াতে আমরা সতর্ক এবং অনেক কিছু বাদ দিয়েই এগোচ্ছি। আলোচনার গতি বজায় রাখতে সবাইকে আন্তরিক সহযোগিতা করতে হবে।”
আজকের আলোচনায় নির্বাচনি এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। এছাড়া, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব নিয়েও মতবিনিময় হবে।
এদিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
এ সময় কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।







