যশোরে শব্দ থিয়েটার এর মঞ্চে আবারও ‘শয়তান’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ বিনোদন ডেস্ক
দর্শকদের ব্যাপক অনুরোধে সাহিত্যিক কাহলিল জিবরানের অনুপ্রেরণায় রচিত দর্শনপ্রধান নাটক ‘শয়তান’ সপ্তমবারের মতো মঞ্চে আনতে যাচ্ছে যশোরের সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’।

আগামী ১১ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যশোরেই নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় – তারা ৫০ টাকায় টিকিট সংগ্রহ করতে পারবেন।

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান, যিনি একইসঙ্গে ‘শয়তান’ চরিত্রে অভিনয়ও করেছেন। এটি শব্দ থিয়েটারের ধারাবাহিক প্রযোজনার একটি অংশ।

‘শয়তান’ মূলত শয়তান ও এক ফাদারের মধ্যকার সংলাপনির্ভর মিথস্ক্রিয়ার মাধ্যমে মানবতার জয়গান গেয়েছে। হাজার বছরের প্রাচীন গোত্রব্যবস্থা এবং সমাজে দুষ্টবুদ্ধির দ্বারা শুভবুদ্ধিসম্পন্নদের বিপদগ্রস্ত করার প্রবণতার যৌক্তিক রূপায়ণ এ নাটকের মূল উপজীব্য। প্রযোজনাটিতে কিছু অভিনব নাট্য নির্মাণ ও প্রয়োগের নতুনত্ব যুক্ত করা হয়েছে, যা দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
নাটকটিতে অভিনয় করেছেন ফাদার চরিত্রে অরুণ মজুমদার, শয়তান মাস্উদ জামান, গোত্রপতি সোহেল রানা, লাউইস পিয়াশ মণ্ডল, গরিলা শাহিদুর রহমান, গ্রামবাসী ও আদিম মানুষ: মারুফ হোসেন, হাফছা আক্তার, তানভীর হাসান রামিম, হাসিবুর রহমান, আলমগীর হোসেন।

টিকিট সংগ্রহের স্থান শীঘ্রই আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হবে।